জনপ্রিয় সার্চইঞ্জিন গুগলে এবার বাংলা ভাষায় কথা বলে তথ্য খোঁজা (ভয়েস সার্চ) যাবে। সম্প্রতি এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। বর্তমানে ভয়েস সার্চ সুবিধা পাওয়া যায় ইংরেজি ভাষায়।

গুগলের নতুন উদ্যোগের বাস্তবায়ন হলে বাংলা ছাড়াও হিন্দি, মারাঠিসহ তামিল ভাষায়ও একই সুবিধা পাওয়া যাবে। অর্থাৎ ইংরেজির পাশাপাশি এসব ভাষায়ও ভয়েস সার্চ করা যাবে গুগলে। এ ব্যাপারে সম্প্রতি ভারতের তথ্যপ্রযুক্তি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর ডেভেলপমেন্ট অব অ্যাডভান্সড কম্পিউটিংয়ের (সি-ডিএসি) সঙ্গে যৌথ উদ্যোগ নিয়েছে গুগল।
সম্প্রতি এক অনুষ্ঠানে গুগল ইন্ডিয়ার ব্যবস্থাপনা পরিচালক রাজন আনন্দান জানান, ভারতে বর্তমানে প্রায় ২০ কোটি ইন্টারনেট ব্যবহারকারী রয়েছে এবং প্রতি মাসে ইন্টারনেট ব্যবহারকারী বাড়ার হার ৫০ লাখ। নতুন ব্যবহারকারীদের মধ্যে বেশির ভাগই মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহার করেন। তিনি বলেন, এ সংখ্যা আরও বাড়তে পারে যদি স্থানীয় ভাষায় ইন্টারনেট ব্যবহারের সুবিধা বাড়ানো যায়। এমন চিন্তা থেকেই ইংরেজির পাশাপাশি নতুন কয়েকটি ভাষায় ভয়েস সার্চ সুবিধা চালু হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।
ভারতে বর্তমানে ইন্টারনেট ব্যবহারকারী যে হারে বাড়ছে সেটি এভাবে বাড়তে থাকলে আগামী এক বছরের মধ্যেই যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাবে ভারত। স্থানীয় ভাষাকে আরও সহজভাবে ব্যবহার করতে তাই ইতিমধ্যে ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ ইন্টারনেট অ্যালায়েন্স (আইএলআইএ) নামের একটি প্রতিষ্ঠানও গড়ে তোলা হয়েছে। এ প্রতিষ্ঠান অনলাইনে ভারতীয় ভাষাগুলোর বিভিন্ন বিষয় প্রচারে কাজ করবে। আইএলআইএ জানিয়েছে, ২০১৭ সালের মধ্যে আরও ৩০ কোটি ভারতীয় ভাষাভাষী মানুষকে ইন্টারনেটের সঙ্গে যুক্ত হবে। এদের মধ্যে স্মার্টফোন থেকে প্রথমবারের মতো যাঁরা ইন্টারনেটে আসবেন তাঁদের উপযোগী কনটেন্ট তৈরি করা হবে।
গুগলের সার্চ বিভাগের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট অমিত সিংগাল বলেন, গুগল এমন একটি প্রতিষ্ঠান যেটি শুধু ইংরেজি নিয়েই কাজ করবে, তা নয় বরং বিশ্বের বিভিন্ন দেশে মাতৃভাষায় যাতে ব্যবহারকারীরা গুগল ব্যবহার করতে পারে সে ধরনের নানা চেষ্টা করা হচ্ছে। এরই অংশ হিসেবে ইতিমধ্যে ভারতের বিভিন্ন ভাষা ভয়েস সার্চ সেবায় যুক্ত হচ্ছে। নতুন এ সুবিধা চালু হলে বাংলায় কথা বলেই নানা তথ্য খুঁজে পাওয়া যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *