প্রতিদিন সকাল সাতটা থেকে গাবতলী বাস টার্মিনালে পত্রিকা বিক্রি শুরু করেন আমজাদ হোসেন। এ জন্য ঘণ্টা দেড়েক আগে আমিনবাজারের বাসা থেকে বের হন তিনি। কিন্তু আজ বৃহস্পতিবার সকালে বেরিয়েছেন কিছুটা বিলম্বে। কারণ বাইরে ঘন কুয়াশা, নেই সূর্যের দেখা।
শুধু রাজধানী ঢাকা নয়, সারা দেশেই ঘন কুয়াশার দাপট। এ কারণে সারা দেশে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা বেশ কমে এসেছে।
গতকাল বুধবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। একই দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে। তা ছিল ১১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শাহ আলম
বলেন, বৃষ্টি না হওয়ায় এ সময় কুয়াশা পড়ে। এ জন্যই তাপমাত্রা কমে এসেছে। তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামতে পারে।
শাহ আলম বলেন, চলতি মাসের ২০ তারিখের দিকে দেশে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। তখন দেশের কোথাও কোথাও তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে।
আবহাওয়া অধিপ্তরের পূর্বাভাসে জানানো হয়, আজ আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। রাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
Post by আশিকুর রহমান চৌধুরী স্বদেশনিউজ২৪.কম