এবারের প্রীতি ম্যাচে মুখোমুখি হবেন বাংলাদেশের সাবেক ক্রিকেটাররা। ফারুক আহমেদ, মিনহাজুল আবেদীন, আকরাম খান, নাঈমুর রহমান, খালেদ মাহমুদ, হাবিবুল বাশারের মতো সাবেক অধিনায়করা খেলবেন এবার। মুক্তিযুদ্ধের দুই বীর শহীদ আব্দুল হালিম চৌধুরী জুয়েল ও শহীদ মুশতাক আহমেদের স্মরণে ১৯৭২ সাল থেকে প্রতি বছর এই প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। শহীদ জুয়েল ছিলেন আজাদ বয়েজ ক্লাবের আক্রমণাত্মক উদ্বোধনী ব্যাটসম্যান। মুক্তিযুদ্ধের সময় অস্ত্র হাতে বীরত্বের সঙ্গে যুদ্ধ করেন তিনি। কিন্তু পাক হানাদার বাহিনীর হাতে ধরা পড়ে শাহাদাৎ বরণ করেন। ক্রীড়া সংগঠক শহীদ মুশতাক ছিলেন আজাদ বয়েজ ক্লাবেরই অন্যতম প্রধান সংগঠক। ২৫ মার্চের কালরাতে দখলদার বাহিনীর হাতে প্রিয় ক্লাবের খুব কাছেই শহীদ হন তিনি। ১৬ ডিসেম্বর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এই দুই মহান শহীদের নামাঙ্কিত দলের হয়ে খেলবেন সাবেক ক্রিকেটাররা। বিশ ওভারের ম্যাচটি শুরু হবে সকাল সাড়ে দশটায়। শহীদ জুয়েল দল : জাহাঙ্গীর আলম, জাভেদ ওমর বেলিম, হাবিবুল বাশার, মিনহাজুল আবেদীন, আকরাম খান, সাজ্জাদ কাদির, মোহাম্মদ রফিক, আলমগীর কবীর, শফিউদ্দিন আহমেদ, সানোয়ার হোসেন, মাহমুদুল হাসান রানা, মোহাম্মদ আলী, এনামুল হক মণি, মাহবুবুর রহমান। টিম ম্যানেজার: আতহার আলী খান। শহীদ মুশতাক দল : হাসানুজ্জামান, শাহরিয়ার হোসেন, সাজ্জাদ আহমেদ, ফারুক আহমেদ, নাঈমুর রহমান, নাসির আহমেদ, খন্দকার সাইদুল ইসলাম, হাসিবুল হোসেন, আনোয়ার হোসেন, খালেদ মাহমুদ, হালিম শাহ, সাইফুল্লাহ জেম, এহসানুল হক, আব্দুল আতিক খান। টিম ম্যানেজার: তানভীর আহমেদ। Post navigation অ্যাডিলেইডে অস্ট্রেলিয়ার নাটকীয় জয় সাঙ্গাকারার শতকে সিরিজ শ্রীলঙ্কার