ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের অভিযানে সমর্থন দিয়েছে বাংলাদেশ। গতকাল সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বাংলাদেশের সমর্থনের বিষয়টি প্রকাশ করা হয়েছে।
ওই বিবৃতিতে বলা হয়, ইয়েমেনের প্রেসিডেন্ট আবদু রাব্বু মনসুর হাদির নেতৃত্বাধীন বৈধ সরকারের বিরুদ্ধে হুতিদের সহিংস কর্মকাণ্ড এবং এর ফলে দেশটিতে যে মানবিক সঙ্কটের সৃষ্টি হয়েছে বাংলাদেশ তার নিন্দা জানায়। মধ্যপ্রাচ্যের ওই দেশের অখন্ডতা এবং সার্বভৌমত্বের স্বার্থে এবং দেশটির বৈধ সরকার পুনঃপ্রতিষ্ঠায় সৌদি আরবের নেতৃত্বাধীন সব উদ্যোগে বাংলাদেশ সমর্থন করে। বিবৃতিতে আরো বলা হয়, ইয়েমেনের চলমান সঙ্কট উত্তরণে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব, ন্যাশনাল ডায়লগ কনফারেন্স এবং গালফ্ কো-অপরারেশন কাউন্সিলের কাঠামোর আলোকে রাজনৈতিক প্রক্রিয়া শুরু করার আহ্বানও জানানো হয়েছে।
উল্লেখ্য, বেশ কিছু দিন ধরে ইয়েমেনের বিদ্রোহী শিয়া গোষ্ঠী ‘হুতি’ দেশটির আইনগতভাবে বৈধ সরকারের বিরুদ্ধে লড়াই করছে। ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহর সমর্থক ও অনুসারীরাও বিদ্রোহীদের সঙ্গে যোগ দিয়েছেন। বিদ্রোহীদের আক্রমণে ইয়েমেনের বর্তমান প্রেসিডেন্ট আবদ রাব্বু মনসুর হাদি দেশ ছেড়ে সৌদি আরবে আশ্রয় নিয়েছেন। গত বৃহস্পতিবার থেকে বিদ্রোহীদের দখলে থাকা এলাকাগুলোর নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠায় দেশটিতে বিমান অভিযান শুরু করেছে সৌদি নেতৃত্বাধীন জোট। গালফ রিজিওনের ৬ রাষ্ট্রসহ মোট ১০টি রাষ্ট্র যৌথভাবে ওই অভিযান চালাচ্ছে।ওই অভিযানে আমেরিকা সমর্থন দিয়েছে।