Breaking
Tue. Jul 14th, 2026

তাবলীগ মুরব্বির বিরুদ্ধে ২০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

image_82290_0তাবলীগ জামায়াতের মুরব্বি মাওলানা ওয়াসিফুল ইসলাম তাবলীগ ও কাকরাইল মসজিদ নির্মাণের নামে দেশ-বিদেশ থেকে টাকা তুলে দুই শত কোটি টাকা আত্মসাত করেছেন বলে অভিযোগ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক এম মুশফিকুর রহমান চৌধুরী সমর্থিত তাবলীগ জামায়াতের শিক্ষকেরা।

রোববার দুপুরে বিশ্ববিদ্যালয় জুবেরী ভবনের শিক্ষক লাউঞ্জে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষকেরা এ অভিযোগ করেন।

সম্প্রতি রাজশাহী মার্কাজ মসজিদে ওয়াসিফুল ইসলামের বিরুদ্ধে “মুরব্বিদের জীবন থেকে” নামক বই বিতরণ করতে গেলে ওই মসজিদের অবস্থানরত তাবলীগকর্মীরা রাবির কয়েকজন শিক্ষক-শিক্ষার্থীকে মারধর করেন । এতে বিশ্ববিদ্যালয়ের এনিমেল হাজবেন্ড্রী অ্যান্ড ভেটেরিনারি সায়েন্স বিভাগের শিক্ষক শরিফুল ইসলাম ও আরবি বিভাগের শিক্ষক আল আমীনসহ কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হন।

সংবাদ সম্মেলনে ভাষা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ নজরুল ইসলাম লিখিত বক্তব্যে বলেন, “ওয়াসিকুল ইসলাম তাবলীগের শুরা সদস্য ও আমির পরিচয় বহাল রেখেই চাঁদাবাজি ও রাজনীতি করে যাচ্ছেন।”

তিনি রাজনীতিতে অংশ নেয়ায় বিপুল সংখ্যক তাবলীগকর্মীদের সমর্থন পাচ্ছেন তবে সম্পূর্ণ তাবলীগ বিভ্রান্ত হচ্ছে। এতে যারা বাধা দিচ্ছেন তাদেরকে তাবলীগ বহির্ভূত বলছেন। রাজনীতির সঙ্গে জড়িত হয়ে সম্পূর্ণ তাবলীগ কর্মসূচিই লক্ষ্যহারা হয়ে একটি রাজনৈতিক দলে রূপান্তরিত হতে যাচ্ছে।”

তিনি “মুরব্বিদের জীবন থেকে” বইয়ের বরাত দিয়ে বলেন, “ওয়াসিফুল ইসলাম ও কাকরাইল মসজিদের খতিব মাওলানা যোবায়ের তাদের অসাধু পরিকল্পনা কার্যকর করার  জন্য দেশব্যাপী নিজস্ব সন্ত্রাসী গ্রুপ ও নেটওয়ার্ক গড়ে তুলেছেন।”

ওই বইয়ে বলা হয়, “জনাব ওয়াসিফুল ইসলামের নেতৃত্বে একটি দল দেশ-বিদেশ থেকে তাবলীগ ও কাকরাইল মসজিদ নির্মাণের নামে প্রচুর টাকা তুলেছেন এবং তার সিংহভাগ প্রায় দুই শত কোটি টাকা আত্মসাত করেছন। তিনি বিদেশ থেকে নিজে টাকা সংগ্রহ করেছেন এবং তাকে সহায়তা করেছেন তার ছেলে ওসামা ইসলাম।”

সংবাদ সম্মেলনে গত ১৫মে রাতে রাজশাহী মার্কাজ মসজিদে রাবির শিক্ষক-শিক্ষার্থীদের উপর হামলায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়।

এ সময় সংবাদ সম্মেলনে পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষক প্রফেসর ড. এম মুশফিকুর রহমান, আরবি বিভাগের ড. জিয়াঊর রহমান খান, ফার্মেসি বিভাগের ড. আলম খান, ড. মুস্তাফিজুর রহমান, ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের সহকারী রেজিস্টার হারুন অর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *