Swadeshnews24.comআগামী কয়েক সপ্তাহের মধ্যেই স্মার্টওয়াচ বাজারে আনবে মাইক্রোসফট। এ তথ্য জানিয়েছে ফোর্বস ম্যাগাজিন।
স্মার্টওয়াচটি পরিধানকারীর হৃদকম্পন মাপতে পারবে। এ ছাড়া এটি বিভিন্ন মোবাইল প্ল্যাটফর্মেও সমর্থন করবে। একবার ফুল চার্জ দিলে তা দুই দিনেরও বেশি সময় ধরে টানা ব্যবহার করা যাবে।
বাজার গবেষকেরা ধারণা করছেন, নতুন স্মার্টওয়াচ ঘোষণা দেওয়ার কয়েক দিনের মধ্যেই তা বাজারে ছাড়বে মাইক্রোসফট। স্মার্টওয়াচের ক্ষেত্রে আরেক মার্কিন প্রতিষ্ঠান অ্যাপল ইতোমধ্যে আইওয়াচ বাজারে ছেড়েছে। আর তাই অ্যাপলকে ঠেকাতে স্মার্টওয়াচ প্রযুক্তি বাজার ধরতে উঠেপড়ে লেগেছে মাইক্রোসফট।
গত মে মাসে ফোর্বস মাইক্রোসফটের স্মার্টওয়াচ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছিল যাতে বলা হয়েছিল মাইক্রোসফটের কাইনেক্ট বিভাগ থেকে প্রকৌশলী এনে স্মার্টওয়াচ তৈরির কাজ করছে তারা। এই স্মার্টওয়াচ আইফোন, অ্যান্ড্রয়েডচালিত পণ্য ও উইন্ডোজ ফোনে সমর্থন করবে। তবে এ ঘড়ির ব্র্যান্ড নাম কি হবে বা এর দাম সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কোনও তথ্য জানায়নি এ সফট জায়ান্ট।
মাইক্রোসফটের নতুন প্রধান নির্বাহী সত্য নাদেলার হাত ধরেই নতুন ধরনের ডিভাইস বিভাগে পা রাখবে মাইক্রোসফট।
গবেষকেরা ভবিষ্যদ্বাণী করছেন যে, আগামী বছর পরিধেয় প্রযুক্তিপণ্যের বাজার ৭১০ কোটি মার্কিন ডলার ছাড়িয়ে যাবে।
উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর আইওয়াচ নামে একটি স্মার্টওয়াচ বাজারে ছাড়ে অ্যাপল। এর আগে ২০১৩ সালের সেপ্টেম্বরে গ্যালাক্সি গিয়ার নামের স্মার্টওয়াচ বাজারে আনে স্যামসাং। অচিরেই মটোরোলা বাজারে আসতে যাচ্ছে মটো ৩৬০ নামে একটি স্মার্টওয়াচ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *