spain_big_win_Swadeshnews24বিশ্বকাপ বাছাইয়ে জয়ের ধারা ধরে রেখেছে সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়ন স্পেন ও ইতালি। জি গ্রুপের ম্যাচে, ইসরাইলকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে লা রোজারা। আরেক ম্যাচে, আলবেনিয়াকে ২-০ গোলে হারিয়েছে ইতালি।

এ ম্যাচে পেশাদার ফুটবল ক্যারিয়ারে এক হাজার ম্যাচ খেলার মাইলফলক ছুঁয়েছেন জিয়ানলুইজ বুফন। এদিকে, এইচ গ্রুপের ম্যাচে, রিপাবলিক অব আয়ারল্যান্ডের সঙ্গে গোলশূন্য ড্র করেছে বেলজিয়াম।

স্পেনের সোনালী যুগের ফুটবলারদের অনেকেরই নেই আগের সে দাপট। তাইতো ২০১৪ বিশ্বকাপটা দু:স্বপ্নের মত হয়ে আছে লা রোজাদের জন্য। গেল আসরটা বাজে কাটলেও, এবার কিন্তু বাছাইপর্বে সেরা ছন্দে আছে স্পেন। এখন ৫ ম্যাচের একটিতেও নেই হারের তিক্ততা। তাই অনেকটাই নির্ভার লোপেতেগুইয়ের শিষ্যরা।

আরো একটি জয়ের মিশনে নেমে, গিজনে প্রতিপক্ষ ইসরাইলকে শুরু থেকেই চাপে রাখে ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচের ১৩ মিনিটেই জর্ডি আলবার পাসে, গোল করে স্পেনকে প্রথম লিড উপহার দেন ডেভিড সিলভা। প্রথমার্ধের যোগ করা সময়ে, থিয়াগো আলকানত্রার সহায়তায়, ব্যবধান দ্বিগুণ করেন ভিক্টোর পেরেজ।
বিরতি থেকে ফিরে আরো আগ্রাসী হয়ে খেলে স্পেন। ৫১ মিনিটে চেলসি তারকা দিয়েগো কস্তার গোলে জয় অনেকটাই নিশ্চিত হয়ে যায় লা রোজাদের। ৭৬ মিনিটে রেফালভ অতিথিদের হয়ে একটি গোল শোধ করেন। এরপর ৮৮ মিনিটে ইস্কো দুর্দান্ত এক গোলে বাকি কাজটুকু সেরে ফেলেন। আর তাতেই ৪-১ গোলের বড় জয়ে, ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকেই মাঠ ছাড়ে স্পেন।
জি গ্রুপে শীর্ষে ওঠা নিয়ে তীব্র প্রতিদ্বন্দ্বিতা চলছে স্পেন ও ইতালির মধ্যে। লা রোজাদের জয়ের রাতে, পালেরমোতে আলবেনিয়াকে আতিথ্য দেয় চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি। ম্যাচের শুরু থেকে আধিপত্যও ছিলো তাদের। ম্যাচের ১২ মিনিটেই ইতালিয়ান স্ট্রাইকার আন্দ্রে বেলোত্তিক ফাউল করেন আলবেনিয়ান মিজেন বাশা। আর তাতেই পেনাল্টির সুযোগ পেয়ে যায় ইতালি।
ডি রসির গোলে আনন্দে উন্মাতাল পুরো পালেরমো। তবে, আনন্দের স্রোতে সমর্থকদের কিছুটা অখেলোয়াড় সুলভ আচরণ কিছুটা হলেও সমালোচনা কুড়িয়েছে। এরপর ৮০ মিনিটে ইমোবিলের গোলে ২-০ তে লিড পায় পিয়েরো ভেঞ্চুরার দল। শেষ পর্যন্ত আর ম্যাচে ফিরতে পারেনি আলবেনিয়া।
২-০ গোলের জয়ের রাতে, পেশাদার ক্যারিয়ারে সহস্রতম ম্যাচ খেলার দারুণ এক মাইলফলক স্পর্শ করেন ইতালিয়ান কিংবদন্তী জিয়ানলুইজ বুফন। সে সঙ্গে জাতীয় দলের হয়ে ১৬৮ তম ম্যাচটাকে স্মরণীয় করে রাখলেন ইতালির ২০০৬ বিশ্বকাপজয়ী দলের এ সদস্য।

এদিকে, এইচ গ্রুপের ম্যাচে রিপাবলিক অব আয়ারল্যান্ডের সঙ্গে গোলশূন্য ড্র করেছে গ্যারেথ বেলের ওয়েলস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *