ফরিদপুর উপজেলার ডেমরা হাজী জয়েন উল্লাহ উচ্চ বিদ্যালয়ের এক সহকারি শিক্ষককে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাজিরা খাতায় স্বাক্ষর করতে দেননি বলে অভিযোগ পাওয়া গেছে। লিখিত অভিযোগে জানা যায়,উপজেলার ডেমরা হাজী জয়েন উল্লাহ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শফিকুল ইসলাম রমজানের ছুটি শেষে শনিবার সকাল ৯.১৫ মি. বিদ্যালয়ে উপস্থিত হয়ে হাজিরা খাতায় স্বাক্ষর করতে গেলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাও: গোলাম মোস্তফা তাকে স্বাক্ষর করতে দেননি। ঐ শিক্ষক স্বাক্ষর করতে না দেওয়ার কারণ জানতে চাইলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বলেন, কমিটির সদস্যদের নিষেধ আছে । এ সময় শামসুল আলম, কামাল হোসেন, ওবাইদুল্লাহসহ কয়েকজন শিক্ষক উপস্থিত হয়ে তাকে স্বাক্ষর করতে দেওয়ার অনুরোধ করলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাজিরা খাতা আটকিয়ে রেখে স্থান ত্যাগ করেন। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য সিরাজ হোসেন উক্ত শিক্ষককে বিদ্যালয়ের বাইরে ডেকে নিয়ে অকথ্য ভাষায় গালি-গালাজ করে দেখে নেওয়ার হুমকি দেন। পরে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ গিয়ে তাকে উদ্ধার করেন।
এ ব্যাপারে সভাপতি আব্দুল কাদেরকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন,আমি নিষেধ করিনি,তবে কয়েকজন সদস্য এ কাজ করেছে। এ ব্যাপারে প্রধান শিক্ষক মাও: গোলাম মোস্তফাকে বার বার ফোন করা হলে,তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়। উল্লেখ্য,সম্প্রতি রতনপুর দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন নিয়ে ডেমড়া হাজি জয়েন উল্লাহ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং সদস্যদের সাথে শিক্ষক শফিকুল ইসলামের ভোট দেওয়াকে কেন্দ্র করে সমস্যা সৃষ্টি হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *