Breaking
Tue. Jul 21st, 2026

বিভিন্ন দেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক খুবই আশাব্যঞ্জক

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক খুবই আশাব্যঞ্জক। এ ছাড়াও বিশ্বের শক্তিশালী দেশগুলোর সঙ্গেও সম্পর্ক ভালো। এতে প্রমাণিত হয় দেশে স্থিতিশীল অবস্থা বজায় আছে। বর্তমান সরকার আস্থার সঙ্গে কাজ করে যাচ্ছে।

আজ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে শাহরিয়ার আলম এসব কথা বলেন। খবর ইউএনবির। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘কাজের ক্ষেত্রে আমরা কোনো সমস্যায় পড়ছি না। জাপান, রাশিয়া, চীন এমনকি যুক্তরাষ্ট্রের সঙ্গেও বাংলাদেশের সম্পর্ক খুবই শান্তিপূর্ণ। এই দেশগুলো মনে করে বাংলাদেশে বিনিয়োগের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফরের পরই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হলো। সেখানে পররাষ্ট্রসচিব এম শহীদুল হক উপস্থিত ছিলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম আরও বলেন, অতীতের যেকোনো সময়ের চেয়ে জাপানের সঙ্গে এখন বাংলাদেশের সম্পর্ক ভালো। তিনি বলেন, জাপানের সঙ্গে অগ্রাধিকার ভিত্তিতে কী কী প্রকল্পের বাস্তবায়ন করা যায়, সে ব্যাপারে পর্যালোচনা করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

বাংলাদেশ ও জাপানের মধ্যে পাঁচটি প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, খুব শিগগির একটি বিশেষজ্ঞ দল জাপান থেকে ঢাকায় আসবে।

এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, আগামী আগস্ট মাসের শেষ সপ্তাহে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে বাংলাদেশ সফরে আসতে পারেন।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *