Breaking
Tue. Jul 21st, 2026

‘পর্যটন খাত থেকে প্রচুর আয় করা সম্ভব’

tofael-ahmed-awami-league-leader-swadeshnews24

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, “পর্যটন খাত থেকে প্রচুর আয় করা সম্ভব। পর্যটকদের আকৃষ্ট করার মত সবকিছুই আছে বাংলাদেশে। সরকারও পর্যটন শিল্পকে গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে। তবে দেশি-বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে প্রচারণা খুবই প্রয়োজন।”

শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ট্যুর অপারেটরস এ্যাসোসিয়েশন অভ্ বাংলাদেশ (টোয়াব) এবং ইস্টার্ন ব্যাংক বাংলাদেশ যৌথভাবে আয়োজিত ‘বাংলাদেশ ট্রাভেল এন্ড ট্যুরিজম ফেয়ার-২০১৪’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন বানিজ্য মন্ত্রী।

তোফায়েল আহমেদ বলেন, “পর্যটনের উন্নয়নে বাংলাদেশ পর্যটন করপোরেশন এবং পর্যটন বোর্ডের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছে। গতবছর পর্যটন থেকে ৮.৩ বিলিয়ন টাকা আয় হয়েছে-যা দেশের মোট জিডিপির ২.১ শতাংশ। আশা করা হচ্ছে এ বছর তা বেড়ে ৭.৭ শতাংশে দাঁড়াবে।”

তিনি বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান করে ইতোমধ্যে ন্যাশনাল ট্যুরিজম কাউন্সিল গঠন করা হয়েছে। বাংলাদেশের পর্যটনকে পরিকল্পিতভাবে এগিয়ে নেয়ার জন্য সরকার পর্যটন বোর্ড গঠন করেছে।”

বানিজ্যমন্ত্রী বলেন, “মানুষ বিনোদন পছন্দ করে। সুযোগ পেলেই বিভিন্ন পছন্দের জায়গায় বেড়াতে চায়। এজন্য উপযুক্ত পরিবেশ ও সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে। পর্যটকদের আকৃষ্ট করার জন্য দেশব্যাপী নদী, পাহাড়, সমুদ্র এবং ঐতিহাসিক নিদর্শন রয়েছে। এগুলো পর্যটকদের কাছে তুলে ধরতে হবে।”

ট্যুর অপারেটরস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব)-এর সভাপতি তৌফিক উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে পর্যটন বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আখতারুজ্জামান খান কবীর, ইস্টার্ন ব্যাংক লি. এর সিনিয়র কর্মকর্তা নাজিম এ চৌধুরী, টোয়াবের কর্মকর্তা ফাইজুল ইসলাম হিরু বক্তব্য রাখেন।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *