রমনা বোমা হামলা রায় ফের পিছিয়ে ২৩ জুন

Ramnaরমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলা মামলায় রায় ফের পিছিয়ে ২৩ জুন ধার্য করেছেন আদালত।

সোমবার দুপুরে ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক রুহুল আমিন এ দিন ধার্য করেন।

তিনি জানান, আজ এ মামলার রায় হওয়ার কথা ছিল কিন্তু রায়ের কপি লেখা সম্পূর্ন না হওয়ায় তারিখ পরিবর্তন করে ২৩ জুন ধার্য করা হয়েছে।

এর আগে গত ২৮ মে উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে ১৬ জুন (আজ) রায়ের দিন ধার্য করে আদালত। গত বছরের ২৩ অক্টোবর এ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হয়। এ মামলায় ৮৪ জন সাক্ষীর মধ্যে ৬১ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়। সর্বশেষ গত ৫ মে মামলার তদন্তকারী কর্মকর্তা আবু হেনা মোস্তফার পুনঃসাক্ষ্যগ্রহণ শেষ হয়।

২০০৮ সালের ২৯ নভেম্বর হরকাত-উল জিহাদ (হুজি) নেতা মুফতি আবদুল হান্নানসহ ১৪ জনকে অভিযুক্ত করে সিআইডি’র পরিদর্শক আবু হেনা মো. ইউসুফ আদালতে সম্পূরক অভিযোগপত্র দাখিল করেন। ২০০৯ সালের ১৬ এপ্রিল ১৪ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

এ মামলায় অভিযুক্ত ১৪ আসামির মধ্যে কারাগারে আটক আট আসামি হল মাওলানা আকবর হোসেন, মুফতি আব্দুল হান্নান, আরিফ হোসেন সুমন, শাহাদাত উল্লাহ জুয়েল, মাওলানা সাব্বির, শওকত ওসমান ওরফে শেখ ফরিদ, মাওলানা আব্দুর রউফ, মাওলানা ইয়াহিয়া ও মাওলানা আবু তাহের (বর্তমানে কারাগারে আটক) রয়েছেন। এছাড়া হাফেজ মাওলানা তাজউদ্দিন, হাফেজ জাহাঙ্গীর আলম, মো. আ. হাই, মুফতি শফিকুর রহমান ও মাওলানা আবু বকর এখনো পলাতক।

উল্লেখ্য, ২০০১ সালের ১৪ এপ্রিল (বাংলা ১৪০৮ সালের ১ বৈশাখ) ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান চলাকালে বোমা হামলায় প্রাণ হারান ১০ জন। ঘটনার দিন বাবুপুরা পুলিশ ফাঁড়ির সার্জেন্ট অমল চন্দ্র বাদী হয়ে রমনা থানায় মামলাটি দায়ের করেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *