ঢাকার ছবিতে অরিজিতের গান

bg1_793712474ভারতের হিন্দি ও বাংলা ছবির গানে এখন সবচেয়ে জনপ্রিয় নাম অরিজিৎ সিং। এবার ঢাকার ছবির জন্য গাইলেন ২৭ বছর বয়সী এই তারকা। শামীম আহমেদ রনি পরিচালিত ‘মেন্টাল’-এ থাকছে এটি। গত ২৮ জুলাই মুম্বাইয়ে গানটির রেকর্ডিং হয়। এই গানে পর্দায় ঠোঁট মেলাবেন শাকিব খান। 

পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের ছেলে অরিজিতের গাওয়া গানটির শিরোনাম ‘খোলা ছিল যে আকাশ এক চিলতে রোদ হয়ে এলি তুই’। এটি লিখেছেন কলকাতার গীতিকার প্রসেন, সুর ও সংগীত পরিচালনায় প্রসেনজিত ডাব্বু ঘোষাল।

জানা গেছে, একই স্টুডিওতে গত ৭ আগস্ট ভারতীয় কণ্ঠশিল্পী মোহাম্মদ ইরফান আলি ও অন্তরা মিত্র ‘মেন্টাল’ ছবির জন্য আরেকটি গান গেয়েছেন। ‘দিওয়ানা বলে ডাকে সবাই’ শিরোনামের এ গানও লিখেছেন প্রসেন, সুর ও সংগীত পরিচালনায় ডাব্বু। 

হায়দরাবাদের ছেলে ইরফানের গাওয়া জনপ্রিয় গানের তালিকায় রয়েছে ‘বেহেনে দে’ (রাবণ), ‘ফির মোহাব্বত’ (মার্ডার টু), ‘বারিশ’ (ইয়ারিয়া), ‘বানজারা’ (এক ভিলেন), ‘তু হি তু’ (কিক) প্রভৃতি। 

কলকাতার মেয়ে অন্তরার গাওয়া ‘সারি কে ফল সা’ (আর…রাজকুমার), ‘ভিগি সি ভাগি সি’ (রাজনীতি), ‘আলে’ (গোলমাল থ্রি), ‘সুন সোনিয়ে’ (আজব গজব লাভ) গানগুলো জনপ্রিয় হয়েছে বেশি।

‘মেন্টাল’ ছবিতে শাকিবের সঙ্গে অভিনয় করার কথা ছিল অমৃতা খানের। কিন্তু অমৃতার আর ছবিটিতে কাজ করা হচ্ছে না। শাকিবের সহশিল্পী কে হবেন তা এখনও চূড়ান্ত হয়নি। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *