আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। রোববার বেলা ১১টা ১৬ মিনিটে শুরু হয়ে মোনাজাত চলে ১১টা ৪৮ মিনিট পর্যন্ত। মোনাজাতে মুসলিম উম্মাহর সুখ, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করা হয়। আখেরি মোনাজাত পরিচালনা করেন ভারতের মাওলানা সাদের।
ইজতেমা ময়দান ও এর আশপাশের সড়ক, অলি-গলি ও যানবাহনে বসে কয়েক লাখ মুসল্লি মোনাজাতে অংশ নেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গুলশানে নিজের কার্যালয়ে বসে সরাসরি মোনাজাতে অংশ নেন।
এর আগে, আখেরি মোনাজাতে অংশ নিতে মুসল্লিদের স্রোত ছিলো টঙ্গীর তুরাগ তীরের দিকে। দেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার মুসল্লি যোগ দেন তাবলীগ জামায়াতের সবচেয়ে বড় জমায়েত বিশ্ব ইজতেমা ময়দানে।
ভোর থেকেই কমলাপুর থেকে বিশেষ ট্রেন এবং আশপাশের এলাকা থেকে বিআরটিসি বাসের ব্যবস্থা করা হয়েছে। আখেরি মোনাজাতে অংশ নিতে লাখো মুসল্লির পদভারে মুখরিত হয়ে উঠেছে টঙ্গীর তুরাগ তীর। যতদূর চোখ যায় শুধু মানুষ আর মানুষ। ইজতেমা ময়দানে দেশ বিদেশের তাবলীগ জামাতের মুরব্বি ও আলেমরা বয়ান করছেন। তারা দ্বীনি আমল, আখলাক নিয়ে আলোচনা করছেন। মনোযোগ সহকারে শুনছেন উপস্থিত লাখো মুসল্লি।
সময় যতই যাচ্ছে ইজতেমা ময়দানে মানুষের স্রোত যেন বাড়ছেই।
অন্যদিকে আখেরি মোনাজাতে অংশ নিতে শনিবার রাত থেকেই ঢাকা ও এর আশপাশ ছাড়াও বিভিন্ন স্থান থেকে নতুন করে ধর্মপ্রাণ মুসল্লিরা আসেন টঙ্গির তুরাগ তীরে ইজতেমা ময়দানে। গভীর রাত পর্যন্ত ঢাকার বিভিন্ন এলাকার রাস্তায় মুসল্লিরা অপেক্ষা করেন ইজতেমাগামী যানবাহনের জন্য।
তীব্র শীত উপেক্ষা করেই বাস এবং খোলা পিকাপে করেই বিভিন্ন এলাকা থেকে যাত্রা করেন মুসল্লিরা।
আল্লাহর সন্তুষ্টি লাভ, দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। আগামী ১৬ জানুয়ারি শুরু হবে ইজতেমার দ্বিতীয় পর্ব।