মিনায় নিহত ৫১ জন বাংলাদেশি শনাক্ত

সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ সোমবার এই তথ্য নিশ্চিত করেছেন।

রাষ্ট্রদূত বলেন, “এখন পর্যন্ত সৌদি কর্তৃপক্ষের কাছ থেকে আমরা ৫১ জন বাংলাদেশি হাজির মৃত্যুর খবর পেয়েছি। আমার আশঙ্কা, এই সংখ্যা আরো বাড়তে পারে। কারণ এখনও ১৩০ জন বাংলাদেশি হাজি নিখোঁজ।”

হজের আনুষ্ঠানিকতার মধ্যে গত ২৪ সেপ্টেম্বর মিনায় ‘শয়তানের স্তম্ভে’ পাথর ছুড়তে যাওয়ার পথে পদদলনের ওই ঘটনায় ৭৬৯ জন নিহতের কথা সৌদি কর্তৃপক্ষ জানালেও এই সংখ্যা কয়েক হাজার বলে ইরানের দাবি।

ঘটনার পর বাংলাদেশের হজ মিশনের কর্মকর্তারা ৯৮ জন নিখোঁজের কথা জানিয়েছিলেন। রাষ্ট্রদূত এখন এই সংখ্যা ১৩০ বলে জানালেন।

নিহতদের নাম-পরিচয় ১২ দিনেও প্রকাশ করতে পারেনি সৌদি কর্তৃপক্ষ। বাংলাদেশ কর্তৃপক্ষও নামগুলো জানাতে পারেনি।

সৌদি কর্তৃপক্ষ লাশ উদ্ধারের পর ছবি ও আঙ্গুলের ছাপ সংগ্রহ করে এবং তাদের শনাক্ত করার জন্য ছবি প্রকাশ করে।

ওই ছবির সঙ্গে মিলিয়েই বাংলাদেশিদের শনাক্ত করার কাজ শুরু করেন হজ কর্মকর্তা ও এজেন্সিগুলো। এরই মধ্যে সৌদি আরব থেকে স্বজনের মৃত্যুর খবর পেয়ে অনেকেই ধর্ম মন্ত্রণালয়ে যোগাযোগ করেন।

হাজিদের মরদেহ মক্কার মাইসাম হাসপাতালে রাখা হয়েছে। নিহতদের আরও কিছু ছবি প্রকাশ করার কথা রয়েছে সৌদি কর্তৃপক্ষের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *