জনপ্রিয় শিল্পী-সংগীত পরিচালক হাবিব ওয়াহিদ গত বছরজুড়েই সরব ছিলেন গান নিয়ে। নিজের বেশ কিছু ভিন্নধর্মী গান তিনি ভিডিওসহ প্রকাশ করেছেন। এসব গানে নিজেই পারফর্ম করেছেন তিনি। অন্যদিকে নিজের গানের বাইরেও হাবিব তার সুর ও সংগীতে কয়েকজন শিল্পীর গান প্রকাশ করেন। সব মিলিয়ে গত বছরটি বেশ ভালোই কাটিয়েছেন তিনি। নতুন গান ও স্টেজ শো নিয়ে ব্যস্ত ছিলেন ভীষণ। এ ব্যস্ততা অব্যাহত রয়েছে নতুন বছরেও। বছরের প্রথম গান হিসেবে ক’দিন আগেই তিনি নিজের সুর ও সংগীতে প্রকাশ করেছেন সালমার গান ‘তোমার অপেক্ষায়’।
গানটি এরইমধ্যে শ্রোতামহলে বেশ প্রশংসিত হচ্ছে। এদিকে ভালোবাসা দিবসে নতুন চমক নিয়ে হাজির হতে যাচ্ছেন এ তারকা। নতুন একটি গান তিনি প্রকাশ করছেন এ দিবসটিকে ঘিরে। এরইমধ্যে এ গানটির অডিও-ভিডিও নির্মাণ শেষ হয়েছে। গানটির শিরোনাম ‘হারালে কোথায়’। গুঞ্জন রহমানের কথায় এ গানের সুর ও সংগীত করেছেন হাবিব নিজে। গানের ভিডিওতে তার সঙ্গে মডেল হিসেবে কাজ করেছেন মাসিয়াত ম্যাশ। এরইমধ্যে গানটির একটি ফার্স্টলুক প্রকাশ করেছেন হাবিব নিজের ফেসবুক পেইজে। ১৩ই ফেব্রুয়ারি এ গানটি প্রকাশ হবে বলে জানিয়েছেন এ শিল্পী। হাবিব বলেন, বেশ অন্যরকম কথা-সুরের একটি গান এটি। শ্রোতারা শুনলেই তা বুঝতে পারবেন। গানের অডিওর সঙ্গে মিলিয়ে এর ভিডিও করা হয়েছে। সব মিলিয়ে কাজটি শ্রোতা-দর্শকদের ভালো লাগবে বলেই আমার বিশ্বাস। এদিকে হাবিব বর্তমানে নতুন গানের বাইরেও জিঙ্গেলের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এর বাইরে বড় মাপের শোগুলোতেও অংশ নিচ্ছেন এ তারকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *