‘বিএনপি ব্রাজিলের মতোই গোল খাবে’

mohammad-nasim-awami-league-leader-118-311x186আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, “যদি নির্বাচন হয়, আর বিএনপি তাতে অংশগ্রহণ করে, তবে ব্রাজিলের মতোই গোল খাবে তারা। চূড়ান্ত পরাজয় হবে বিএনপির।”

বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত ‘গণতন্ত্র অবরোধ দিবস’ উপলক্ষে এক সভায় তিনি এসব কথা বলেন।

নাসিম বলেন, “২০১৯ সালের আগে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। বিএনপি যদি বেশি বাড়াবাড়ি করে তবে নির্বাচনের সময় আরও এক বছর পিছিয়ে দেওয়া হবে।”

আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টি না করে দলকে সংঘটিত করতে বিএনপি  চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “২০১৯ সালের আগে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। তাই আযথা আন্দোলন করে জ্বালাও পোড়াও করে নৈরাজ্য সৃষ্টি করবেন না। যদি আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টি করেন তাহলে বুঝবেন কত ধানে কত চাল।”

ছাত্রলীগ নেতাদের উদ্দেশে নাসিম বলেন, “ছাত্রলীগের ভিতর যদি কেউ খারাপ থাকে, তাহলে তাদের সংগঠন থেকে বাদ দিতে হবে। গুটি কয়েকের জন্য হাজার হাজার ছাত্রলীগ নেতাদের দূর্নাম হতে পারে না।”

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেন, “ঈদের পরে আন্দোলনের হুমকির মাধ্যমে বেগম খালেদা জিয়া বাংলাদেশকে রক্তাত্ব করবার প্রস্তুতি নিচ্ছেন। এই ষড়যন্ত্র আমাদের রুখে দিতে হবে। তাই সবাইকে সজাগ থাকতে হবে। যাতে বিএনপির ষড়যন্ত্র সফল না হয়।”

‘আওয়ামী লীগ ষড়যন্ত্রের রাজনীত করছে’ বেগম খালেদা জিয়ার এমন বক্তব্যের জবাবে তিনি বলেন, “আওয়ামী লীগ ষড়যন্ত্র করে না। আওয়ামী লীগ সাংবিধানিক ও গণতান্ত্রিক ধারার রাজনীত করে।”

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিক মাহমুদ চৌধুরী, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন, সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *