Haijak_chintai_swadeshnews24রাজধানীর মিরপুর থানার পাশেই এক জমি ব্যবসায়ীকে গুলি করে ৩০ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ ব্যবসায়ীর নাম মো. মজিবুর রহমান (৪০)। মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন। গতকাল বিকালে এ ঘটনা ঘটে। পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বিকাল সাড়ে ৩ টায় মিরপুর থানার পাশে ঢাকা সিটি করপোশেনের অফিস থেকে বেরিয়ে খিলক্ষেতের বাসায় যাচ্ছিলেন ব্যবসায়ী মজিবুর ও তার মামাতো ভাই এনায়েত। ডিসিসি অফিস থেকে বেরোনোর সঙ্গে সঙ্গেই লাল রঙের একটি মোটরসাইকেলে আসা দুই  যুবক তাদের পথরোধ করে। ছিনতাইকারীরা মজিবুরের কাছে থাকা একটি কালো ব্যাগ কেড়ে নেয়ার চেষ্টা করে। এতে তিনি বাধা দিলে ছিনতাইকারীরা তার বুকে ও পিঠে দুই রাউন্ড গুলি করে ব্যাগটি নিয়ে যায়। ব্যাগের ভেতরে ৩০ লাখ টাকা ছিল। পরে রক্তাক্ত অবস্থায় তার মামাতো ভাই এনায়েত ও পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসকেরা জানান, মজিবুরের অবস্থা আশঙ্কাজনক। তার শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে মহাখালীর বক্ষব্যাধি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আহতের মামাতো ভাই এনায়েতুর রহমান সাংবাদিকদের জানান, ‘তার ভাই জমি কেনাবেচার ব্যবসা করেন। রাজধানীর খিলক্ষেত এলাকার পাতির এলাকায় নিজ বাসায় পরিবারের সঙ্গে থাকেন। ওই বাসার পাশেই নিজস্ব তার একটি অফিস রয়েছে। তিনি বলেন, মিরপুরে ঢাকা সিটি করপোরেশনের অফিসে এক ব্যক্তির কাছে তার জমি বিক্রয়ের জন্য দলিল বিনিময় হয়। পরে জমির ক্রেতা তার ভাইকে ৩০ লাখ টাকা দেন। ওই অফিস থেকে টাকার ব্যাগ নিয়ে বের হওয়ার পরেই অফিসের গেটের সামনে দুই যুবক তাকে গুলি করে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়। মোটরসাইকেলে কোন নম্বর প্লেট ছিল না। তাদের পরনে জিন্স প্যান্ট ও টি-শার্ট ছিল। মিরপুর থানার এসআই আসিফ  হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বিষয়টি রহস্যজনক। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করার চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *