ভূমধ্যসাগর থেকে ইউরোপগামী কয়েকটি নৌকা থেকে আরো ৬৪৭ জন অভিবাসীকে উদ্ধার করেছে ইতালির কোস্টগার্ড ও নৌবাহিনী।
সোমবার তাদের উদ্ধারের পর সিসিলি’র অগাস্টা উপকূলে নিয়ে আসা হয়।
সেখানে তাদের বিশুদ্ধ পানি ও খাবার সরবরাহসহ স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করে কর্তৃপক্ষ।
এছাড়া, প্রত্যেকের পরিচয় লিপিবদ্ধ করার পাশাপাশি এসব অভিবাসীদের পাচার করা হয়েছে কিনা এবং তাদের মধ্যে কোন পাচারকারী আছে কিনা তা খতিয়ে দেখতে সন্দেহভাজন কয়েকজনকে জিজ্ঞাসাবাদও করা হয়েছে।
এদিকে, গত এপ্রিলে ৮শ অভিবাসী নিয়ে ডুবে যাওয়া নৌকা ও আরোহীদের উদ্ধারে ইতোমধ্যে অভিযান শুরু করেছে ইতালির নৌবাহিনী। রোববার রাবারের ডিঙি থেকে আরো ৩২৩ জন অভিবাসীকে জীবিত উদ্ধার করা হয়।
এ নিয়ে গত দু দিনে সমুদ্র থেকে প্রায় সাড়ে ৪ হাজার অভিবাসীকে উদ্ধার করা হয়েছে উল্লেখ করে ইতালির কোস্টগার্ড সমুদ্রের নিরাপত্তায় ইউরোপীয় ইউনিয়নের সাহায্য কামনা করে।
