‘মাসুদ রানা’ বাছাই করবেন ফেরদৌস-পূর্ণিমা

অ্যাডভেঞ্চার সিরিজের বই ‘মাসুদ রানা’ সকলের নিকট বেশ জনপ্রিয়। এবার এই চরিত্র আসছে বড় পর্দায়। দেশীয় প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া কল্পনার সেই হিরো মাসুদ রানাকে সিনেমার পর্দায় দেখানোর ঘোষণা দিয়েছেন এবার। জাজ মাল্টিমিডিয়া ‘মাসুদ রানা’ সিরিজের ‘ধ্বংস পাহাড়’ উপন্যাস অবলম্বনে নতুন চলচ্চিত্র তৈরি করবে। ‘মাসুদ রানা’ চরিত্রে কে অভিনয় করবেন? আগেই জানানো হয়েছে, একটি রিয়েলিটি শোর মাধ্যমে ‘মাসুদ রানা’র জন্য একজনকে খুঁজে বের করা হবে। ‘কে হবে মাসুদ রানা’ শিরোনামের এরই মধ্যে এই রিয়েলিটি শোর আয়োজন করেছে চ্যানেল আই। যার বিভিন্ন প্রক্রিয়ায় বিচারক হিসেবে থাকবেন চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় নায়ক ফেরদৌস ও চিত্রনায়িকা পূর্ণিমা। এরই মধ্যে চ্যানেল আইয়ের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন ফেরদৌস ও পূর্ণিমা।তারাও বিষয়টি নিশ্চিত করেছেন। আগামী মাসের প্রথম সপ্তাহে এই আয়োজনের পুরো কর্মযজ্ঞ শুরু হবে। তার আগে প্রমো আর ফটোশুটে অংশ নেবেন ফেরদৌস ও পূর্ণিমা। যেকোনো বাংলাদেশি কিংবা বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। রিয়েলিটি শো-র সঙ্গে যুক্ত আছে বহুজাতিক প্রতিষ্ঠান ইউনিলিভার। নির্বাচিত তিন তরুণ অভিনয় করবেন মাসুদ রানা সিরিজের ‘ধ্বংস পাহাড়’, ‘ভরতনাট্যম’ ও ‘স্বর্ণমৃগ’ উপন্যাস অবলম্বনে তিনটি চলচ্চিত্রে। চলচ্চিত্রগুলো নির্মাণ করবে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *